সিলেটে চলছে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৩, ৬:১৬ অপরাহ্ণসিলেট মহানগরে আজ রবিবার (৯ জুলাই) দুই কিলোমিটারের ব্যবধানে একই সময়ে চলছে পাল্টাপাল্টি সমাবেশ। বিএনপির সহযোগী তিন সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
আজ বিকাল তিনটা থেকে দুই সমাবেশেরই কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে বেলা পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়েছে ।
বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে সমাবশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন তিনি। বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আলিয়ার মাঠের ‘তারুণ্যের সমাবেশে’ কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।
অন্যদিকে, মহানগরের রেজিস্টারি মাঠে বিকাল তিনটায় ‘তারুণ্যের জয়যাত্রা’ নামে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে শুরু হয়েছে সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ইতোমধ্যে সমাবেশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন তিনি। এছাড়া যুবলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
উভয়পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সকাল থেকে মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের অবস্থান দেখা গেছে।
রাজনীতি/হান্নান






