‘জৈন্তাপুরে গণধর্ষণের ২০ দিনেও মামলা নেয়নি পুলিশ’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ৯:০০ পূর্বাহ্ণজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :: জৈন্তাপুরে গণধর্ষণের
২০দিনেও মামলা নেয়নি থানা পুলিশ। এ ব্যপারে সিলেটের পুলিশ সুপারের কাছে আবেদন করেও কোন প্রতিকার পাননি ওই নির্যাতিতা। রোববার দুপরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
অভিযোগে দাবি করা হয়- সিলেটের জৈন্তাপুর থানার হর্ণি ময়না টিলার স্বামী পরিত্যাক্তা এক মহিলাকে প্রসূতির সাহায্যের কথা বলে গত ১৩ নভেম্বর গভীর রাতে বের করে নেয় একই ময়নাটিলার কালা মিয়ার পুত্র কন্টাই মিয়া। রাস্তায় নিয়ে কন্টাই মিয়া, তার সহযোগী আবুবকর ও আলিম উদ্দিন তার মুখ বেঁধে বাঁশ ঝাড়ের আড়ালে ফেলে রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরদিন নিযাতিতা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের জানান। তারা তাকে আইনের আশ্রয় নিতে বললে তিনি জৈন্তাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। চিকিৎসা শেষে থানায় গেলেও নির্যাতিতার মামলা নেয়নি পুলিশ। থানার ওসি মামলা নিতে পারবেন না বলে তাকে সাফ জানিয়ে দেন। পরে নির্যাতিতা ওই মহিলা গত ২৯ নভেম্বর সিলেটের পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত আবেদন করেন। কিন্তু অদ্যাবধি তার আবেদন আমলে নেয়া হয়নি। ফলে নির্যাতিতা বিচারবঞ্চিত হতে চলেছেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নির্যাতিতা এ ব্যাপারে দ্রুততর পদক্ষেপ নিতে সরকার ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
. . . . . . . . .





