‘আইনজীবীদের সামান্য ভুলে মানুষের ফাঁসি, যাবজ্জীবন হতে পারে’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ২:৩৫ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক :: সিলেটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইনজীবীদের
তাদের দায়িত্বে সততা ও নিষ্ঠা বজায় রাখতে হবে। কেননা তাদের সামান্য ভুলের কারণে একজন নিরপরাধ মানুষের জীবন ধ্বংস হতে পারে। সামান্য ভুলের কারণে একজন নির্দোষ মানুষের ফাঁসির দণ্ড হতে পারে, যাবজ্জীবন সাজা হতে পারে। কিংবা একজন অপরাধী মুক্ত হয়ে ফের সমাজের ক্ষতি করতে পারে। তাই আইনজীবীদের খুব সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন- আইনজীবীদের টাকা, মান, সম্মানের পিছন ছুটলে এসব কোনদিনই ধরা দেবে না। সততা আর নিষ্ঠার সাথে কাজ করলে টাকা, মান, সম্মান সবই পাওয়া যাবে।
সিলেট জেলা আদালতে অনেক সমস্যা বিদ্যমান। বিচারক শূণ্যতা রয়েছে। বিচারকদের বসার সমস্যা রয়েছে। ফার্ণিচারের সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আইনমন্ত্রীর সাথে আলাপ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান করা হবে।
তিনি আরোও বলেন, বারবার সংবিধান সংশোধনের কারণে বিচার ব্যবস্থার স্বাধীনতা খর্ব হয়েছে। তবে বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের ১১৬ ধারার বিচার বিভাগের স্বাধীনতা বর্তমানে অনেকটাই ফিরে এসেছে। সেটি শিঘ্রই পুরোপুরি ফিরে আসবে। আশা করছি, এই ডিসেম্বরেই এটি সম্পূর্ণ কার্যকর হবে। তখন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। এতে নির্বাহী বিভাগের কোনো ভূমিকা থাকবে না।
প্রধান বিচারপতি বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির রজতজয়ন্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শমিউল আলমেরর সভাপতিত্বে দীর্ঘ বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন- সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট সার্কিট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। আমারও আগ্রহ রয়েছে এ বিষয়ে। কিছু বিচারপতির পদ শূণ্য রয়েছে। এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে আইনসেবা প্রত্যাশী মানুষরা উপকৃত হবেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্যে অতীত জীবনে সিলেট জেলা জজকোর্টের স্মৃতিমুখর দিনগুলোর কথাও তুলে ধরেন।
প্রধান বিচারপতি আরোও বলেন- আইনজীবীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষদের আইনী সহায়তা প্রদান করতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে। নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান বিচারপতি।
. . . . . . . . .





