আম্বরখানায় স্যামসাং শো-রুমে চুরির ঘটনায় ফেনী থেকে আটক ১১
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৬, ৯:২৩ পূর্বাহ্ণনগরীর আম্বরখানায় স্যামসং মোবাইল ফোনের শোরুমের তালা কেটে চুরির ঘটনায় ফেনীতে অভিযান চালিয়ে ১১ চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স এবং ফেনী জেলা
পুলিশের সহযোগিতায় সিলেট মহানগরের কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ফেনীতে অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে কার্তুজসহ দেশিয় এলজি বন্দুক, তালা কাটার সরঞ্জাম, চাপাতি এবং ৬০টি মোবাইল ফোন উদ্ধারও করা হয়।
আটককৃতরা হলেন- ফেনীর সোনাগাজীর নদোনার আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৮), চট্টগ্রামের বাখালিয়ার পূর্ব বাকালিয়ার ইউসুফ সদাগরের ছেলে ওসমানী গনি (৪০), গাজীপুরের জয়দেবপুরের কালাবাগানের মৃত করিম সর্দারের ছেলে জুয়েল সর্দার রাসেল (২৫), কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুরের মৃত সিদ্দীকের ছেলে মো. জাবেদ (২৮), একই উপজেলার থোল্লা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. শামীম (২২), বান্ডলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. মোশারফ হোসেন (২৬), করিমপুরের মোহাম্মদ হুসেনের ছেলে মো. সুলতান (২১), রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. শরিফুল ইসলাম (২০), পূর্ব ঘোড়াশালের মৃত কবির আহম্মেদের ছেলে মো. সিরাজ (২২), একই জেলার বাঙ্গারা বাজার উপজেলার হিরাকাশির মো. হারুনের ছেলে মো. কামরুল (২২) এবং ব্রা²ণবাড়ীয়ার বাঞ্ছারামপুরের আলগাবাড়ির মৃত নায়েব আলীর ছেলে মো. আলম (৩০)।
কোতোয়ালী থানার সহকারি কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফি জানান, ‘স্যামসং মোবাইল ফোনের শোরুমের তালা কেটে চুরির ঘটনায় ওই দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে জড়িত আসামীদের ধরতে তারা অনুসন্ধান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফেনী থেকে চোরচক্রের ১১ সদস্যকে আটক করেন। আটককৃতরা সবাই চোর সিন্ডিকেটের সদস্য। তারা বিভিন্ন সময়ে শ্রীমঙ্গল, ব্রাহ্মনবাড়িয়া, ফেনী, চট্টগ্রামে ও ঢাকাসহ বিভিন্ন শোরুমে সিরিজ মোবাইল ফোন চুরি করেছিল।
এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাছাড়া অস্ত্রসহ আটক হওয়ায় ফেনী সদর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। ফলে তাদের সেখানে আটক দেখানো হয়েছে। পরবর্তীতে তাদেরকে সিলেটের মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর রাতে আম্বরখানার বুলবুল ম্যানশনের ২য় তলায় স্যামসং মোবাইল ফোনের শোরুমের তালা কেটে চুরির ঘটনা ঘটে।
. . . . . . . . .





